আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে ফিরল ওমানে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ

Spread the love

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো পৌঁছায়। রাত ৯টা ২০ মিনিটে নিহত প্রবাসীদের স্বজনদের কাছে বিমানবন্দর কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করে।

ওই সাত ওমান প্রবাসী সাগরে মাছ শিকারের কাজ করতেন। নিহত ব্যক্তিরা হলেন- আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)।

স্বজনদের বরাতে জানা গেছে, ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় ওই সাত প্রবাসীকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সবাই প্রাণ হারান।

নিহত আমিন মাঝির ভাই আলী আজগর জানান, তারা চট্টগ্রাম বিমানবন্দর থেকে লাশ বুঝে পেয়েছেন। আগামীকাল রোববার (১৯ অক্টোবর) সকাল ছয়টায় লাশ নিয়ে তারা সন্দ্বীপের উদ্দেশে রওনা হবেন।

রোববার সকাল ৯টা ১৫ মিনিটে এনাম নাহার মোড়সংলগ্ন পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে সাত প্রবাসীর জানাজার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, সাতজন রেমিট্যান্স যোদ্ধার অপ্রত্যাশিত আর আকস্মিক মৃত্যু সন্দ্বীপবাসীকে শোকাহত করেছে। একসঙ্গে এই সাত প্রবাসীর জানাজার আয়োজন করা হয়েছে, যাতে সর্বস্তরের মানুষ অংশ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর